কুষ্টিয়ায় সিএনজি-মোটরসাইকেল-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের দৌলতপুর উপজেলার ১২ মাইল এলাকায় সিএনজি, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে। আহত সিএনজিচালক ও চার যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সিএনজিচালক ও অন্য চার যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।




















