সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
মানিকগঞ্জ প্রতিনিধি: সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, সুপেয় পানি সরবরাহের জন্য বর্তমানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের সংখ্যা বাড়িয়ে তা বাস্তবায়ন করা সম্ভব না হলে মানুষের কল্যাণে সেগুলো কোনো কাজে আসবে না।
তিনি বলেন, নতুন করে প্রকল্প বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে এবং মানুষ বেশি উপকৃত হবে।
মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়
মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় সাটুরিয়া উপজেলায় পানির উৎস স্থাপন কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্টপুর ও কান্দাপাড়া এলাকায় প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।






















