সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি, তারিখ পেছাল ১২৮ বার
আবারও পিছিয়েছে তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবারও আদালতে জমা পড়েনি।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় মোট ১২৮ বার পিছিয়েছে।
আদালতে প্রতিবেদন জমা দেয়নি পিবিআই
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল।
তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
২০১২ সালে হত্যা করা হয় সাংবাদিক দম্পতিকে
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।
সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
একাধিক সংস্থার হাতে তদন্ত
হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত শুরু করে থানা-পুলিশ। পরে তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। এরপর দায়িত্ব পায় র্যাব।
ঘটনার এক যুগ পর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় পিবিআই।























