চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার কিশোরী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি পারভেজ আহমদকে গ্রেপ্তার এবং অপহৃত ১৫ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৫ বছরের কিশোরী
প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬
প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তার হেফাজত থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলার মোশরীভূজা ইউনিয়নের জামতলা বাগানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার কানুগুল এলাকার মৃত কুটন মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। অভিযানের সময় তার হেফাজত থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর বাবা সাজিদ আলীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন পারভেজ আহমদ। প্রায় এক সপ্তাহ আগে একটি বিয়ের অনুষ্ঠানে পারভেজের চালিত নোহা গাড়িতে যাতায়াতের সময় তিনি কৌশলে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে তিনি কিশোরীর সঙ্গে যোগাযোগ করে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কিশোরী বাড়ির বাইরে বের হলে পারভেজ আহমদ ও তার ৩–৪ জন অজ্ঞাত সহযোগী তাকে জোরপূর্বক একটি নোহা গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৬ তারিখে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।






















