রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
রাজনীতি প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন।
এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
এদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।























