রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।
নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় অন্যটি আর আলাদাভাবে বিবেচনার প্রয়োজন নেই এবং তা বাতিল হিসেবে গণ্য হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি আর যাচাই করার প্রয়োজন হয়নি।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনে এখন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না হলে এই দুই প্রার্থীর মধ্যেই ভোট হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের সদস্যরা।
সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। ফলে ২০ আগস্টের ভোটকে কেন্দ্র করে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।
























