খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, নতুন রোগী ৩৪৯
নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা জেলায় একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পৃথক দুটি স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।
এদিকে, খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে খুলনায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সন্দেহজনক হামে এ পর্যন্ত খুলনা বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে।





















