রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, নেই হতাহত
আজকের খবর ডেস্ক: রাজধানীর মালিবাগের একটি শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণের পর কয়েক ঘণ্টার ব্যবধানে আগারগাঁও ও মহাখালী এলাকায় আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এবং মহাখালী এলাকায় পৃথক এই বিস্ফোরণগুলো ঘটায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাখালী এলাকায় সন্ধ্যার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সেখানেও কেউ হতাহত হননি।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার জগন্নাথ হল গেটে পরপর দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি তৈরি হয়। একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরপর এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
























