২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৮১
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৫০৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮২ জন, সিলেটে ১৫৬ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ২৮ জন এবং রংপুরে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছরে হামের রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। তাদের মধ্যে ২০ হাজার ৯৫১ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

























