নারায়ণগঞ্জে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ যুবকের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে দগ্ধ শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনের ঘটনায় দগ্ধ শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগুনে তার শরীরের ৬৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী লিমা পারভীন (২৬) গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক হারুন উর রশিদ বিপুল।
এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রী লিমাসহ মোট চারজন দগ্ধ হন।
অন্য দগ্ধরা হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। আগুনে দগ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ও গুরুত্ব বিবেচনায় চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমা পারভীনের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনেরই শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা গেলেও তার স্ত্রী এখনো আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। এ ছাড়া দগ্ধ হোসেনের শরীরের ১২ শতাংশ ও শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে; তারা বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফ্ল্যাটের রান্নাঘরের চুলার গ্যাসের সুইচ খোলা ছিল। ওই এলাকায় রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইন থেকে গ্যাস বের হয়ে বদ্ধ ফ্ল্যাটের ভেতরে জমতে থাকে। পরে ভোরে গ্যাস সরবরাহ চালু হলে জমে থাকা গ্যাসের মধ্যে চুলা জ্বালানোর চেষ্টা করা হয়। এতে মুহূর্তেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় বের হওয়া গ্যাস ভেতরে জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জমে থাকা গ্যাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।”


















