স্কুলছাত্রীকে ধর্ষণ করায়,অপমানে পিতার আত্মহত্যা,
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ ও বাবার আত্মহত্যায় প্ররোচনায় প্রধান অভিযুক্ত ফরহাদ গ্রেপ্তার ।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর তার বাবাকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলার মূল হোতা মো. ফরহাদ ওরফে কোম্পানীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আজ রোববার (১২ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার বিবরণী অনুযায়ী, ভুক্তভোগী স্কুলছাত্রীকে অপহরণ ও পাশবিক নির্যাতনের পর লোকলজ্জা এবং অপমানের শিকার হয়ে তার বাবা আত্মহত্যার পথ বেছে নেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত ফরহাদ আত্মগোপনে ছিল।
আজ রোববার আদালতে জমা দেওয়া পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো দিক বা সহযোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকাবাসী ও নিহতের পরিবার এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
























