এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি
ঢাকা প্রতিনিধি: পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকটের মধ্যে আবারও বাড়ানো হয়েছে ভোক্তাপর্যায়ের বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২ আগস্ট) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ৫ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি কেজির দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে এলপিজির মূল্য বৃদ্ধি পাওয়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। গত এপ্রিলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে এলপিজি বিক্রি হয়। তবে জুন ও জুলাই মাসে টানা দুই দফা দাম কমানোর পর আগস্টে আবারও দাম বাড়ানো হলো।
বর্তমানে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা, যা আগের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সার তুলনায় কম।
২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রকাশিত সৌদি কার্গো মূল্য (সিপি) এবং আমদানিকারকদের চালানমূল্যের ভিত্তিতে দেশে এলপিজির মূল্য সমন্বয় করা হয়।
তবে ভোক্তাদের অভিযোগ, বিইআরসি নির্ধারিত দামের চেয়ে অনেক এলাকায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। পাইপলাইনে গ্যাসের সংকটের কারণে অনেক পরিবার রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়ায় অতিরিক্ত মূল্য তাদের ভোগান্তি আরও বাড়াচ্ছে।



















