ভারত থেকে আমদানি করা চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ, মান নিয়ে আপত্তি
বাণিজ্য ডেস্ক:
ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে ঘিরে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দ্য হিন্দু-র এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির স্টক থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালের চালানটি বাংলাদেশে পাঠানো হয়েছিল।
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালের চালানটি প্রাথমিক পরীক্ষায় খাওয়ার উপযোগী হিসেবে ছাড়পত্র পায়। তবে পরবর্তীতে বিস্তারিত পরীক্ষায় চালের মান নির্ধারিত মানদণ্ডের চেয়ে নিচে পাওয়া যায়।
এরপর চালানের প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস করা হলেও অবশিষ্ট অংশের মান নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বাণিজ্য সংশ্লিষ্টদের মতে, চালের মান নিয়ে আপত্তির পাশাপাশি বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও এ পরিস্থিতির পেছনে ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকদের মতে, বিষয়টির দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু





















