‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? যা জানা গেল
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সাইদুর রহমান পাভেল। সম্প্রতি তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, ভিডিও বিতর্কের কারণে জনপ্রিয় এই সিরিজ থেকে বাদ পড়তে পারেন অভিনেতা।
এই গুঞ্জনের সূত্রপাত নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টকে ঘিরে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন অমি। সেখানে ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি।
এরপর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়, ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের কারণেই হয়তো সিরিজটি থেকে পাভেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেলকে বাদ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা জানতে চাওয়া হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছিলেন অভিনেতা পাভেল। তার দাবি, ফোনের অপর পাশে থাকা নারীর সঙ্গে তার শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
এর মধ্যে পাভেলের আরও একটি প্রায় পাঁচ মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে। তবে নতুন ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
‘জাকির’ চরিত্রে জনপ্রিয়তা
ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে নজর কাড়েন সাইদুর রহমান পাভেল।
পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর।
ধারাবাহিকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান পাভেল। চরিত্রটির অভিনয় ও সংলাপ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে ব্যক্তিগত ভিডিও নিয়ে বিতর্ক এবং নির্মাতার প্রকাশ করা শিল্পীদের তালিকায় তার নাম না থাকা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। তবে পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।
























