জেমসের দল নগরবাউলের বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ
ইতালির রোমে নগরবাউল জেমসের দলের বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক।
বিনোদন ডেস্ক: ইতালির রোমে বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমসের দল ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক। এ অভিযোগের বিষয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন তাঁরা।
শুক্রবার রাতে ভেনিস থেকে রবিন বলেন, যে কেউ যে কারও নামে অভিযোগ করতে পারেন। তবে অভিযোগ করা মানেই তা প্রমাণিত হয়ে গেছে—এমন নয়। বিষয়টি যেহেতু এখন আইনি প্রক্রিয়ার অংশ, তাই তাঁরা আইনিভাবেই তা মোকাবিলা করবেন বলে জানান তিনি।
রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়ারি পুলিশ স্টেশনে ২১ আগস্ট লিখিত অভিযোগটি করেন বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ।
অভিযোগের নথিতে বলা হয়েছে, রোম ও ভেনিসে অনুষ্ঠানের জন্য নগরবাউল জেমসের দলকে মোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল। ওই অর্থ দেওয়ার বিষয়টি জেমসের দলের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে করা চুক্তি বা সমঝোতার সঙ্গে সম্পর্কিত বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগে জেমস নিজে ওই অর্থ গ্রহণ করেছেন বা ব্যক্তিগতভাবে প্রতারণা করেছেন—এমন কোনো তথ্য নেই।
অভিযোগের বিষয়ে রবিন আরও বলেন, এটি পুলিশের কাছে করা একটি অভিযোগ। অভিযোগ গ্রহণ করা হয়েছে মানেই তা প্রমাণিত হয়েছে বা আদালত কোনো রায় দিয়েছেন—এমন নয়। চুক্তি ভঙ্গের অভিযোগ থাকলে আইন অনুযায়ী যেকোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও জানান তিনি।
রবিন বলেন, তাঁরা বর্তমানে ২৩ আগস্ট ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট নিয়েই ব্যস্ত। অন্য কোনো বিষয় নিয়ে এখন ভাবছেন না বলেও জানান তিনি।
আগামীকাল ২৩ আগস্ট ইতালির ভেনিসে নগরবাউলের কনসার্ট হওয়ার কথা রয়েছে।
























