নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনাসদস্য
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক মো. আমিনুল হক (৩০)। তিনি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আটক করে রাখা দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















