আগামী ২৪ ঘণ্টায় , বাড়তে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
শুক্র ও শনিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং অন্যান্য এলাকার কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সার্বিকভাবে দেশের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।






















