স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, আটক স্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।
জহিরুলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত মিমের দাবি, জহিরুলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে তালাক হয়। এরপরও জহিরুল তার কাছে আসা-যাওয়া করতেন এবং ঘটনার দিনও তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিমকে আটক করে থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুল আল মামুন জানান, অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিষয়গুলো তদন্ত করে দেখছে।




















