লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযান, আটক ২৪৪
লক্ষ্মীপুর প্রতিনিধি: কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জেলার ছয়টি থানায় মোট ২৪৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটকদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কারও বিরুদ্ধে মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধের পাশাপাশি জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অভিভাবকদেরও সচেতন করেছে পুলিশ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়েছে। সন্তানদের ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রাহয়ান কাজেমী জানান, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















