অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় স্থানীয় কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে পানিতে ডুবে জুনায়েদ নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা নদে তল্লাশি শুরু করেন।
খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনা থেকে আসা একটি ডুবুরি দল।
দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় শিশুটির মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন।
জুনায়েদের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকাতেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।












