ইনফান্তিনোকে ঘিরে বাড়ছে চাপ, এবার সমর্থন প্রত্যাহার নিউজিল্যান্ডের
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে নিউজিল্যান্ড ফুটবল।
স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল। একই সঙ্গে বিশ্বকাপের একটি অংশ বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল জানায়, ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতি আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে স্বাধীন পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছে তারা।
নিউজিল্যান্ড ফুটবল বলেছে, আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরও শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি করেছে।
ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশ ও সংস্থার তালিকায় নিউজিল্যান্ডের নাম যুক্ত হওয়ার আগে চলতি সপ্তাহে ফিফার তিন শক্তিশালী কনফেডারেশন—ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)—এক যৌথ খোলাচিঠিতে ফিফা সভাপতির বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে।
ধারণা করা হচ্ছে, আগামী মার্চে ফিফা সভাপতির পুনর্নির্বাচনের সুযোগ পাওয়ার আগেই এসব ফুটবল সংস্থা ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছে। নরওয়ে ফুটবল ফেডারেশনও এর আগে এক বিবৃতিতে ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল।
এই পরিস্থিতিতে সর্বশেষ ফিফা সদস্য হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। বুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) বৈঠকের পর দেশটির ফুটবল সংস্থা এই সিদ্ধান্ত নেয়।
তবে ওএফসি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানায়নি। বরং বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়।
এদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এসব উদ্যোগের পাল্টা জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ইনফান্তিনোকে ঘিরে সমর্থন প্রত্যাহারের ঘটনা ঘটলেও তাঁর প্রতি সমর্থন অব্যাহত রয়েছে। গতকাল ছয়টি আরব ফুটবল ফেডারেশনের প্রধান ফিফা সভাপতির প্রতি ‘পূর্ণ সমর্থন’ ও ‘আস্থা’ প্রকাশ করেছেন।
এই ছয় দেশের মধ্যে রয়েছে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক মরক্কো, কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন ও সুদান। ফলে একদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে একাধিক সদস্য ও কনফেডারেশনের প্রশ্ন তোলা এবং অন্যদিকে কিছু দেশের প্রকাশ্য সমর্থন—দুই মেরুর অবস্থানের মধ্যেই ফিফার অভ্যন্তরীণ পরিস্থিতি আরও আলোচনায় এসেছে।
























