আইএসপি খাতের জন্য এআইভিত্তিক ইআরপি সফটওয়্যার উন্মোচন
প্রযুক্তি ডেস্ক:
দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, “এআই প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই। এআই আমাদের গ্রহণ করতেই হবে। তা না হলে আমরা আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।”
বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা জানান, সরকারের ইডিসি প্রকল্পের আওতায় ১ লাখ ৮ হাজার ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৫ হাজার সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে।
প্লেক্সাস ক্লাউড লিমিটেড জানিয়েছে, নতুন এআইভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি কমপ্লায়েন্স এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম একটি প্ল্যাটফর্ম থেকেই পরিচালনার সুযোগ দেবে।
প্রতিষ্ঠানটির দাবি, সফটওয়্যারটি ব্যবহার করে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা প্রদান, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত এবং দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে সক্ষম হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম পরিচালন কার্যক্রমকে আরও দক্ষ, স্বয়ংক্রিয় ও গ্রাহককেন্দ্রিক করবে।
গ্রাহকদের সুবিধার জন্য প্ল্যাটফর্মটির সঙ্গে একটি ইন্টারনেট ইউজার অ্যাপ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সংযোগের তথ্য দেখা, বিল পরিশোধ, সেবার আপডেট পাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া আইএসপিগুলোর নেটওয়ার্ক পরিচালনা, মনিটরিং ও অপারেশনাল কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুল করতে ট্রান্সমিশন অ্যাপও যুক্ত করা হয়েছে।
প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোবারক হোসেন বলেন, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতেই এআইভিত্তিক এই ইআরপি সমাধান তৈরি করা হয়েছে।
তিনি বলেন, সফটওয়্যারটি আইএসপি খাতের পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এআইবিষয়ক বইয়ের লেখক রাকিবুল হাসান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মানসম্মত ও পর্যাপ্ত ডেটার প্রয়োজন হয়। প্লেক্সাস ক্লাউডের কাছে প্রয়োজনীয় ডেটা থাকায় প্রতিষ্ঠানটি এআই ব্যবহার করে আরও কার্যকর সেবা দিতে সক্ষম হচ্ছে।
অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হকসহ প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

























