মিশরে টিভি উপস্থাপকসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দেশটির আদালত
আন্তর্জাতিক ডেস্ক: মাদক মামলায় দোষী সাব্যস্ত করে মিশরে এক নারী টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। তারা একটি অপরাধী চক্রের সদস্য বলে জানিয়েছে আদালত।
আদালতের তথ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রি করতেন। তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে।
রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার আল-ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিশরে অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর উপস্থাপক হিসেবে পরিচিত। মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
গত বছরের সেপ্টেম্বরে আদালতে জিজ্ঞাসাবাদের সময় সারাহ খলিফা দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো কোনো মাদক দেখেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে ২০ জন সাক্ষীর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।
মিশরে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ওই প্রক্রিয়া শুরু হলে সাধারণত রায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মাসে দেওয়া এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মিশরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সূত্র: বিবিসি



















