পূর্ব জাপানে তিন ঘণ্টার ব্যবধানে দুই ভূমিকম্প
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে উঠলেও কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)-এর বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে। চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা নির্ধারণ করা হয়েছে রিখটার স্কেলে ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে।
জাপানের সাত স্তরবিশিষ্ট তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এতে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাগুলোও কেঁপে ওঠে।
এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে। আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির ফলেই সমুদ্রে সুনামির সৃষ্টি হয়নি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জাপানে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। এর আগে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রা এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প হয়।
এছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে সংঘটিত ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।




















