বেনাপোলে পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্ত ছোট ভাই
বেনাপোলে পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্ত ছোট ভাই
যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে হামলার ঘটনা
যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেন (৫০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে। আহত ফিরোজ হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের অভিযোগ
আহত ফিরোজ হোসেন বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে দুপুরে ছোট ভাই মনির হোসেন তার বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করেন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বক্তব্য
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























