বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে যা বললেন ড. মিজানুর রহমান আজহারী
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লিখেছেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
আজহারীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান।
অনেকে বিল নির্ধারণের প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান। আবার কেউ কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের একটি অংশ অভিযোগ করেছেন, আগের মাসগুলোর তুলনায় চলতি মাসে তাদের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।





















