প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে কালেমা তাইয়্যেবা স্থাপন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।
বিএনপির পোস্টে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিভিন্ন স্থানে এসব সংযোজন প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনার ধারাবাহিকতায় করা হয়েছে।
এদিকে, বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিষয়টি তুলে ধরা হলেও সংসদে এসব পরিবর্তন বাস্তবায়নের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।




















