ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এই দুই মাস, প্রতিদিন ৫ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর জন্য চলতি মাস ও আগামী মাসকে ঝুঁকিপূর্ণ সময় উল্লেখ করে এডিস মশার লার্ভা জন্মানোর স্থানগুলো পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি পরিষ্কার করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে আগে থেকেই চিকিৎসা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাই এডিস মশার লার্ভা যেখানে তৈরি হয়, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে। ঘরে এসির পেছনে জমে থাকা পানি, বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং আশপাশের গর্তে থাকা পানি পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, চলতি মাস ও আগামী মাস ডেঙ্গুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ সময়।
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সময় দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, নিয়মিতভাবে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা যেতে পারে। ঘরে ময়লা পানি জমিয়ে না রাখলে ডেঙ্গু থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
সালেহ শিবলী বলেন, গণমাধ্যমকর্মী, মন্ত্রী কিংবা সাধারণ মানুষ—ডেঙ্গু কাউকে আলাদা করে চেনে না। তাই প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে এ কাজে অংশ নিতে হবে।
তিনি বলেন, সবাই যদি আজ থেকে, এখন থেকে নিজেদের ঘর পরিষ্কার করেন, তাহলে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সালেহ শিবলী আরও বলেন, সরকারের কাজগুলোতে শুধু রাজনৈতিক বিতর্ক তৈরি না করে এবং রাজনৈতিক স্পর্শকাতর বিষয় নিয়ে সারাক্ষণ ব্যস্ত না থেকে দেশের প্রয়োজনীয় কাজগুলো করা দরকার। রাষ্ট্রকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে এবং সরকারের কাজেও সহযোগিতা করতে হবে।






















