বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখা যাচ্ছে: শফিকুর রহমান
জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
নিজস্ব প্রতিবেদক:
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপির বর্তমান কার্যক্রমে সাবেক ফ্যাসিস্ট সরকারের আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে। তাঁর ভাষায়, “তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।”
রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
শফিকুর রহমান বলেন, “তাঁরা নিজেরাই বলেছেন, তাঁরা ধানখেতে, পাটখেতে ছিলেন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি এখন ভুলে গেছেন। ফ্যাসিস্ট সরকারের যে স্বভাব ছিল, সেটিই এখন তাঁরা ধারণ করছেন।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির একজন সক্রিয় কর্মীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে উপেক্ষা করলে শেষ পর্যন্ত জনগণই তা প্রত্যাখ্যান করে।
হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, “চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? হারানো চোখ কি ফিরিয়ে দিতে পারবেন?”
সরকারি পদে দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, “এখন সচিব হওয়ার জন্য বিসিএস পাসের প্রয়োজন নেই, দলীয় পরিচয় থাকলেই পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে।”
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা একই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে তিনি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সভায় বক্তব্য দেন।























