হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৪৪
নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকায় এবং একজন সিলেটে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে ১ হাজার ২২ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আরও ১১৫ শিশু। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪ জনে।
এ ছাড়া গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ জনে।
তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে চার মাসে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ২৮৩ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।

























