বিসিবির বোর্ড সভা আজ, ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে
বিসিবির বোর্ড সভা আজ, ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই সভায় দেশের ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিসিবির কয়েকজন পরিচালক বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তারা ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।
ওয়ানডে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা
বিসিবির আজকের সভায় সবচেয়ে আলোচিত বিষয় হতে পারে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পরিবর্তন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি।
বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা
জানা গেছে, এবারের বোর্ড সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়।
এছাড়া গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগ এবং মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিপিএল ও পূর্বাচল স্টেডিয়াম নিয়ে সিদ্ধান্ত
সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হবে।
এছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে এবারের বিসিবি বোর্ড সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

























