পরিবারের অমতে বিয়ে, তরুণীকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলায় পরিবারের অমতে বিয়ে করায় ২২ বছর বয়সী এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে।
সোমবার (৩ আগস্ট) আগ্রার জৈতপুর থানা এলাকার প্রতাপ নগরে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম অঙ্কিতা শর্মা। এ ঘটনায় অভিযুক্ত বাবা বিমল শর্মাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলতি বছরের শুরুতে অঙ্কিতা পরিবারের মতের বিরুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর এক সদস্যকে আদালতের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকেই পরিবার থেকে ওই বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তাঁরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়।
আগ্রার পূর্বাঞ্চলের উপ-পুলিশ কমিশনার অভিষেক আগরওয়াল জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় অঙ্কিতার বাবাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।























