হাওয়াইয়ে হারিকেন লালার তাণ্ডব, ৪০ হাজারের বেশি বিদ্যুৎহীন
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে তাণ্ডব চালাচ্ছে হারিকেন ‘লালা’। ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যজুড়ে ৪০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি ‘জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি)।
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২টি এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩টি সংযোগ রয়েছে। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।
জাতীয় হারিকেন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ থেকে ৫১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে।
হারিকেন কেন্দ্র জানিয়েছে, অতিরিক্ত এই বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সৃষ্টি করতে পারে। ঝড়ের প্রভাবে নদী-নালা ফুলে ওঠা এবং আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।
এদিকে হারিকেন লালা ১৫ আগস্ট ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়। এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৫ মাইল বা ১২০ কিলোমিটার। পরে ঝড়টি বিগ আইল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে; তবে সরাসরি স্থলভাগে আঘাত করেনি।
ঝড়ের প্রভাবে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৪২ মাইল বা ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষা করে দেখছেন কর্মীরা।
হাওয়াইয়ান ইলেকট্রিক জানিয়েছে, কিছু এলাকায় দীর্ঘ সময়, এমনকি রাতভরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।
























