হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-ওমানের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নৌপথ নির্ধারণের আলোচনা এগিয়ে চলছে, তবে এর সঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি এক নয়।
আরাগচি বলেন, ওমানের সঙ্গে আলোচনার মূল বিষয় হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ নির্ধারণ করা। আগে ব্যবহৃত নৌপথগুলো বর্তমানে কার্যকর না থাকায় জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন পথের প্রয়োজন দেখা দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আপাতত একটি অস্থায়ী নৌপথ নির্ধারণের কাজ চলছে। পরবর্তী সময়ে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী সেটিকে স্থায়ী নৌপথে রূপ দেওয়া হতে পারে।
তবে আরাগচি স্পষ্ট করে বলেছেন, ওমানের সঙ্গে নৌপথ নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া—দুটি পৃথক বিষয়। অর্থাৎ নতুন নৌপথ নির্ধারণ হয়ে গেলেই যে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরো প্রণালি খুলে দেওয়া হবে, এমন নিশ্চয়তা নেই।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও কাজ করছে। প্রণালির নিরাপত্তা, জাহাজ চলাচল এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতার কাঠামোয় হরমুজ প্রণালির নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার বিষয়টি উঠে আসে। নিরাপদ নৌযাত্রার জন্য সমুদ্রপথ থেকে সম্ভাব্য মাইন অপসারণের বিষয়টিও আলোচনার অংশ হয়েছে।
আরাগচি জানান, ইরান ও ওমানের আলোচনা শিগগিরই কোনো সমাধানে পৌঁছাতে পারে। তবে নতুন নৌপথ নির্ধারণের পরও হরমুজ প্রণালি কবে পুরোপুরি খুলবে, তা নির্ভর করবে আরও কিছু শর্ত পূরণের ওপর। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে তেহরান।
ইরানের অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতার সঙ্গেও সম্পর্কিত। এর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা, সামরিক তৎপরতা এবং ইরানের অন্যান্য দাবির বিষয় রয়েছে। ফলে নৌপথ নির্ধারণের আলোচনা এগোলেও প্রণালিটি পুরোপুরি খুলতে আরও সময় লাগতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথে চলাচল স্বাভাবিক হওয়া বা দীর্ঘায়িতভাবে বাধাগ্রস্ত হওয়ার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে পড়তে পারে। তাই ইরান-ওমানের নতুন নৌপথ নিয়ে আলোচনা আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পাচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
























