আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর চেষ্টা: জ্বালানি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও মূল্য সমন্বয়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মেহেরপুর প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এসব কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশা করছে। সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করা হবে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























