কাঞ্চনের বউ নিয়ে ‘পার্সোনাল অ্যাটাক’ সহ্য করবেন না, সায়নকে শ্রীময়ীর হুঁশিয়ারি
টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ২০২৪ সালে তৃতীয়বারের মতো বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে এবং মার্চে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন তারা। একই বছরের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার তাদের ঘরে এসেছে ছেলে সন্তান, যার নাম রাখা হয়েছে কৃষভি।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর বয়সের ব্যবধান নিয়ে একাধিকবার ট্রলের মুখে পড়তে হয়েছে এই তারকা দম্পতিকে। কখনো চুপ থেকেছেন তারা, আবার কখনো চাঁচাছোলা ভাষায় ট্রলের জবাবও দিয়েছেন।
এর আগে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা তার সামনেই কাঞ্চনের একাধিক বিয়ে নিয়ে মশকরা করায় তিনি মাঝেমধ্যে অবাক হন। সেই মশকরার ভাষা ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী।
তবে এবার ‘রাঁধুনি না কাঁদুনি’ অনুষ্ঠানে শ্রীময়ীর রাগের বিষয়টি নিছকই মশকরা থেকে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। সনি আটের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত অনুষ্ঠানের একটি প্রোমোয় দেখা যায়, কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মশকরা করায় আরজে সায়নের ওপর বেশ চটে যান শ্রীময়ী চট্টরাজ। এমনকি কড়া ভাষায় সায়নকে আর এ ধরনের মশকরা না করার জন্য সতর্ক করেন তিনি।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে বর্তমানে সনি আটের ‘রাঁধুনি না কাঁদুনি’ শোতে একসঙ্গে দেখা যাচ্ছে। এই নন-ফিকশন শোতে আরও রয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমনসহ টালিউডের একঝাঁক পরিচিত তারকা।
শোর প্রোমোয় সৌরভকে উদ্দেশ করে সায়নকে বলতে শোনা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ…’। এরপরই তাকে থামিয়ে দিয়ে শ্রীময়ী বলেন, ‘এই কী বলতে চাইছিস’।
প্রোমোয় শ্রীময়ীকে সাদা রঙের পোশাকে দেখা যায়। পোশাকের বুকের কাছে আঁকা ছিল রঙবেরঙের একটি পাখি। সেটির দিকে ইঙ্গিত করে সায়ন মশকরা করে বলেন, ‘তোমার তোতা পাখিটাকে এত ভালো লেগেছে না’।
এতে শ্রীময়ীও মশকরার সুরে সায়নকে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন? পাশে একটা ফরসা পাখি (শ্যামৌপ্তি) দাঁড়িয়ে আছে।’ এরপর তিনি বলেন, ‘তবে বউদি যা তোতা পাখিটা হয়েছে না, আমি লংকা খাওয়াব পরে’।
এরপর আসরে নামেন কাঞ্চন মল্লিক। নিজেকে দেখিয়ে তিনি মজা করে বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতাগাছটা দেখলি না’।
তবে হাসিঠাট্টার মাঝেই হঠাৎ সিরিয়াস হয়ে যান শ্রীময়ী চট্টরাজ। আরজে সায়নকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আরেকটা কথা আমি তোমাকে বলি—কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনো রকম ছ্যাবলামো মারছি না’।
শ্রীময়ীর মুখে এমন কথা শুনে মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। হাসিঠাট্টার আসরে নেমে আসে সাময়িক নীরবতা।

























