লেস্টার-ফুলহ্যাম ম্যাচে মুখোমুখি হামজা চৌধুরী ও ফারহান
খেলা ডেস্ক:
বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার নাম হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। দুজনই শিগগিরই লাল-সবুজের জার্সিতে একসঙ্গে মাঠে নামবেন—এমন প্রত্যাশা সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে। তবে জাতীয় দলে সতীর্থ হওয়ার আগেই এবার ক্লাব ফুটবলে একে অপরের প্রতিপক্ষ হতে যাচ্ছেন এই দুই বাংলাদেশি ফুটবলার।
আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হবে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে লেস্টারের হয়ে খেলতে পারেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের জার্সিতে মাঠে নামবেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
জাতীয় দলে একসঙ্গে খেলার অপেক্ষায় থাকা দুই ফুটবলারের এই ক্লাব প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশি সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। তবে ম্যাচে দুজনের লক্ষ্য থাকবে নিজ নিজ দলের হয়ে জয় তুলে নেওয়া।
ফারহান এরই মধ্যে ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন ফুলহ্যামের এই তরুণ লেফট উইঙ্গার।
তবে ম্যাচে হামজা খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে তাঁর লেস্টার সিটিতে থাকা কিংবা অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়টি পরিষ্কার হবে।
প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা ও এফএ কাপজয়ী হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর মধ্যমাঠে বড় পরিবর্তন এসেছে। তাঁর নেতৃত্ব ও খেলার গতি জাতীয় দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে ফুলহ্যামের যুব দলে নজরকাড়া পারফরম্যান্স করা ১৯ বছর বয়সী ফারহানকে বাংলাদেশের আক্রমণভাগের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে জাতীয় দলে আনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে সাফে হামজা-ফারহান জুটিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে।
























