থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত ১২
থাইল্যান্ডে ফুটবল ম্যাচে বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন খেলোয়াড়। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে স্থানীয় গোলক এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টুর্নামেন্টের ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত ম্যাচ চলাকালে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। খেলার একপর্যায়ে বিকট শব্দে মাঠে বজ্রপাত হলে কয়েকজন খেলোয়াড় মাঠেই লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বজ্রপাতের তীব্র আলোর ঝলকানিতে মাঠ কেঁপে উঠতে দেখা যায়।
বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর দগ্ধ হন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের পেশাদার ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
ঘটনার পর সতীর্থরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ও বুকে চাপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। স্থানীয় পুলিশ জানায়, জরুরি চিকিৎসা দল সর্বোচ্চ চেষ্টা করলেও তার জীবন রক্ষা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, বজ্রপাতে আহত অন্য ১২ জন খেলোয়াড়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সফওয়ান আওয়ায়ের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।
থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
























